দিনাজপুরের ফুলবাড়ির বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে রবিবার দ্বিতীয় দিনের মত সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, এ ঘটনায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন শ্রমিককে পুলিশ আটক করেছে।
ওই কমিটির সহ-সভাপতি কবি শাহাজাহান বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটে ১৫৪ জন দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক নিয়োগের দাবিতে শ্রমিকরা প্রধান ফটকের সামনে অবস্থান করে। তারা ভোর ৬টা থেকে দ্বিতীয় দিনের মত অবরোধ কর্মসূচি শুরু করে। সকাল ১০টায় পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একদল পুলিশ সেখানে উপস্থিত হন।
আরও পড়ুন: শাহবাজপুরের নতুন সেতুতে যান চলাচল শুরু
শ্রমিকদের সঙ্গে আলোচনার সময় হঠাৎ পুলিশ লাঠিচার্জ করে। তিনি দাবি করেন, শ্রমিকরা রেলপথ নয়, শুধু সড়কপথে অবরোধ কর্মসূচি পালন করছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের পাশাপাশি রেললাইনের ওপর লাল পতাকা লাগিয়ে রেল চলাচল বন্ধ করার চেষ্টা করে। তাদের রেললাইন থেকে লাল পতাকা সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু সেটি না করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। পরে বাধ্য হয়ে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জসহ ৮ থেকে ৯ জনকে আটক করেছে।
ইত্তেফাক/অনি