সর্বশেষ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। যার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে পাওয়া নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে চোটের দ্রুত উন্নতি হওয়াই বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজে নেই তাসকিন। পুনবার্সন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এই টাইগার পেসার। যুক্তরাষ্ট্রে এমআরআই রিপোর্ট পেয়েছেন তাসকিন। সেটা দেখেই টাইগার এই পেসারের বিশ্বকাপের শুরু থেকে খেলার ব্যাপারে বেশ আশাবাদী বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির প্রধান চিকিৎসক বলেন, 'তাসকিনের উন্নতি খুবই ভালো ও সন্তোষজনক। সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে ও জিম করছে। রানিংও শুরু করছে, আর কয়েকদিন পর আমরা তাকে বল করতে দেবো। আমরা কেবলই রিপোর্টটা পেয়েছি আর মনে হচ্ছে তার চিড়টা প্রায় ঠিক হয়ে গেছে।'
দেবাশীষ আরও বলেন, 'আমরা এখন তাকে ছোট রান আপে বল করতে দেবো। আস্তে আস্তে ইন্টেনসিটি বাড়বে। দৌড়াতে তার কোনো সমস্যাও হয়নি। এখন তার থ্রো সেশন করবো আর এরপর আস্তে আস্তে ছোট রানআপে বল করাবো। আমরা আশা করছি, এভাবে চললে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাকে পাবো।'