চাঁদের আলোয় স্নিগ্ধ হতে ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে। আর সেটা পূর্ণিমা রাত হলে তো কথাই নেই। তাই বলে চাঁদের রঙিন চাঁদ! হ্যাঁ, সত্যিই চাঁদের এমন নাম রয়েছে। এপ্রিল মাসের পূর্ণিমাকে বলা হয় ‘পিংক মুন’ বা ‘গোলাপি চাঁদ’। তবে নাম পিংক মন হলেও চাঁদটি দেখতে একদমই ‘পিংক’ বা ‘গোলাপি’ রঙের নয়। আবহাওয়ার ওপর নির্ভর করে হালকা হলুদ, কমলা, লাল বা সাদা হতে পারে।
তবে গোলাপি কোনোভাবেই হবে না। নিতান্তই কাকতলীয় বিষয় হবে যদি কোনো বছর লাল এবং সাদা মিলে হালকা গোলাপি দেখায় এই পিংক মুন। স্বাভাবিক কারণেই তাহলে প্রশ্ন আসে—গোলাপি চাঁদ না হলে এর নাম ‘পিংক মুন’ হলো কেন? নামটি আসলে এই মাসের পারিপার্শ্বিক পরিবেশের পরিপ্রেক্ষিতে এসেছে। বসন্তের এই সময়ে নিত্য-নতুন সুগন্ধি ফুলের আগমন ঘটে। এরমাঝে ইউরোপ ও আমেরিকায় ‘মস পিংক’ বা ‘ওয়াইল্ড গ্রাউন্ড ফ্লক্স’ ফুল ফোটা খুব সাধারণ একটি বিষয়। এটি আদি আমেরিকার এক প্রকার বন্য ফুল। সেকাল থেকে একাল পর্যন্ত প্রতিবছরই এ সময়ে এই ফুলে চারপাশ ভরে ওঠে। আর এসব ফুলের গোলাপি রঙের আভা যেন এ সময়ে ভূমি থেকে আকাশ পর্যন্ত ছড়িয়ে যায়!