মৃত্যু বার্ষিকীর বিরিয়ানি খেয়ে হাসপাতালে অতিথিরা

মৃত্যু বার্ষিকীর বিরিয়ানি (তোবারক) খেয়ে নারী-পুরুষ, শিশু মিলিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অতিথিরা। গত শুক্রবার বাদ জুমা বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে এ ঘটনা ঘটে। আজ রবিবারও অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এলাকাবাসী জানায়, দুর্গাহাটা গ্রামের আলেম প্রধানের স্ত্রী বুলি বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার ছেলে বুলু প্রধান গত শুক্রবার বাড়িতে মিলাদ মাহফিল করে। এতে গ্রামের মানুষ অংশগ্রহণ করে। মিলাদ মাহফিল শেষে তোবারক হিসেবে প্যাকেট বিরিয়ানি দেওয়া হয়। এই তোবারক খেয়ে শনিবার থেকে গ্রামের লোকজন অসুস্থ হতে থাকে। 
এলাকাবাসীর মতে প্রায় ৬০ জন অসুস্থ হয়ে পড়ে। জ্বর,বমি পাতলা পায়খানা করতে থাকে। কেউ প্রাথমিক চিকিৎসা নিলেও শনিবার বিকালে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জনকে ভর্তি করা হয়।

এছাড়া বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো চারজনকে ভর্তি করা হয়েছে। রোববার সকালে গাবতলী হাসপাতালে আরো ৪ জন ভর্তি হয়েছে। 

আরো পড়ুন: ক্ষোভে মেডেল নিতেও যাননি মেসি!

গাবতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া মিনারুল ইসলাম, আলিফ, লিপি সানজিদা, খুশি, রোজিনা, সাথী, সিহাব, রিফাত, মিম, হাওয়া, আইমা, রত্মা, রহিমা, হামিদুল, রাহাদ, মিনারুল, নিতুন, মাইশা, রাকিব জানান, এলাকাবাসী মিলাদ মাহফিলে এসে তোবারক খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। 

গাবতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমীনা পাররভিন জানান, খাদ্যে বিষক্রিয়া হয়ে ২৮ জন নারী, পুরুষ ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তারা সকলে দুর্গাহাটা এলাকার বাসিন্দা। ভর্তি হওয়া রোগীদের মধ্য চারজনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার আরো চারজন রোগ ভর্তি হয়েছে। হাসপাতালে ডাইরিয়ার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ থাকায় দ্রুত রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। অনেকেই এখন সুস্থ বলেও তনি জানান। 

ইত্তেফাক/জেডএইচ