লালমনিরহাটে বিএসএফের ছোঁড়া গুলিতে এরশাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমন্তে গরু পারাপারের সময় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও দুইজন। নিহত এরশাদুল ওই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আহসানুল হকের ছেলে।
সীমান্ত সূত্র ও এলাকাবাসীরা জানিয়েছেন, সীমান্তের ৮৪৫ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের কাছ দিয়ে রবিবার দিবাগত রাত তিনটার দিকে এরশাদুল হকসহ ৭/৮ জনের একটি দল গরু পারাপার করছিল। এ সময় তাদের লক্ষ্য করে ভারতীয় ১৪৮ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহলদলের সদস্যরা গুলি ছুঁড়ে। এতে এরশাদুল গুলি বিদ্ধ হন। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের নাম তাৎক্ষনিক জানা যায়নি।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মনসুর আলী সরকার বলেন, সীমান্তে অবৈধভাবে যাওয়ার জন্য এরশাদুল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। নিহতের বড় ভাই সাইদুজ্জামান থানায় একটি অভিযোগ দিয়েছে। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্ত প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন: কারাগারে দুর্নীতি: সর্ব প্রধান কারারক্ষী বরখাস্ত, ২৬ জন বদলী
বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর-৬১ বিজিবি’র অধীন বুড়িমারী কোম্পানির নায়েক সুবেদার মিজানুর রহমান বলেন, বাংলাদেশী নিহতের ঘটনায় বুড়িমারী জিরো পয়েন্ট চেকপোস্ট এলাকায় বিকেলে ঘণ্টা ব্যাপী বিএসএফের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফ জানায়, বাংলাদেশীকে নয় চোরাকারবারি বা দুষ্কৃতিকারীকে গুলি করা হয়। পরে উভয় দেশের অধিনায়ক পর্যায়ে আলোচনা হবে।
ইত্তেফাক/অনি