টানা ১০ কার্যদিবস দরপতনের পর গত সোমবার দেশের শেয়ার বাজারে সূচকের উত্থানে লেনদেন হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছিল। কিন্তু সেই স্বস্তি পরের দিনই মিলিয়ে গেছে। গতকাল মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচকের পতনে লেনদেন হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনকৃত মোট ৩৯৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ২৬৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। এতে এই বাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩১.৬৩ পয়েন্ট কমে ৫ হাজার ২৭৮.৮৮ পয়েন্টে নেমে গেছে। এদিন ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৭২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫০৬ কোটি ১১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৬৫ কোটি ৩৯ লাখ টাকা।
দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো: আইএফআইসি ব্যাংক, ই-জেনারেশন, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিচ হ্যাচারি, ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো।
অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনকৃত মোট ২৪৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৩৩টির। এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। এতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৭২ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭০ কোটি ৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৫ কোটি ৪৬ লাখ টাকা।