উপজেলা পরিষদ নির্বাচন

নাতির হাত ধরে ভোটকেন্দ্রে ১০৫ বছরের জাহানারা

বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। জোর নেই হাত-পায়ে। অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। তবুও উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ভোট দিতে ভোটকেন্দ্রে ছুটে এসেছেন ১০৫ বছর বয়সী জাহানারা বেগম তুলোন। তাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে তরুণ ভোটাররা। ভোটকেন্দ্রে থাকা মানুষ বলছে, এমন প্রবীণ ভোটারদের কাছ থেকে শেখার আছে অনেক কিছু।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুরের খানসামা উপজেলায় সিট আলোকডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, জাহানারা বেগম তুলোন তার নাতির সঙ্গে ইজিবাইকে ভোটকেন্দ্রে এসেছেন ভোট দিতে। তার পরনে সাদা হলুদ শাড়ী। তিনিই এই ওয়ার্ডের সব থেকে প্রবীণ ভোটার।  

সিট আলোকডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেন জানান, সকল বয়সের ভোটাররা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে এই জন্য যা যা করার সব করেছি। সকাল থেকে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। 

খানসামা উপজেলায় ৬টি ইউনিয়নে ৫৭ টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৪৭ হাজার ৫১৯ জন ভোটার ব্যালটে ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৭৩৬ জন ও মহিলা ৭২ হাজার ৭৮২ জন।