পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১৮

বাংলাদেশের নতুন একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। এ কারখানাটি হচ্ছে ঢাকার উত্তরখান এলাকার কেসি জ্যাকেটওয়্যার কোম্পানি। কারখানাটি লিড প্লাটিনাম সনদ পেয়েছে। এ নিয়ে দেশে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৮।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সূত্রে জানা যায়, চলতি বছর এখন পর্যন্ত ১২টি তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে; এর মধ্যে আটটি প্লাটিনাম ও চারটি গোল্ড ক্যাটাগরির।

কারখানাটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় ১০টি পরিবেশবান্ধব কারখানার ৯টিই এখন বাংলাদেশে।

বিজিএমইএর তথ্যানুযায়ী, পরিবেশবান্ধব ২১৮ কারখানার মধ্যে লিড প্লাটিনাম ৮৪টি, লিড গোল্ড ১২০, লিড সিলভার ১০ ও সার্টিফায়েড চারটি। অর্থাৎ ৩৮ দশমিক ৫৩ শতাংশ কারখানা লিড প্লাটিনাম সনদ পেয়েছে।