বিভিন্ন স্থানে সড়কে ঝরলো তিন প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। বুধ ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের আজাদ মিয়া চেয়ারম্যান বাড়ির সামনের রাস্তায় অটো রিকশার ধাক্কায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলো উপজেলার জাহাজমারা আসাদ নগর মাকার্য উলুম কাওমি মাদ্রাসার প্রথম জামাতের ছাত্র আল আমিন (৭)। সে জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শফি উল্লাহ মেম্বার বাড়ির মানিক মিয়ার নাতি এবং ফারুক উদ্দিনের ছোট ছেলে। হাতিয়া থানার ওসি মো. জিসান আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সাজু বেগম (৫০)। বুধবার সকালে উপজেলার পূর্ব ঢাকা রোড নামক স্থানে ট্রাকের সঙ্গে অটোচার্জারের ধাক্কা লেগে যাত্রী সাজু বেগমের মৃত্যু হয়। তিনি উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের মোজাফফর রহমানের মেয়ে।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, বুধবার সকালে সান্তাহার থেকে ছোট বাচ্চাদের দোলনাবোঝাই করে একটি অটোচার্জার নিয়ে কোথাও যাচ্ছিলেন চালক মিঠুন ঋষি ও যাত্রী সাজু বেগম। এ সময় উপজেলার পূর্ব ঢাকা রোড নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক অটোচার্জারকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন চালক ও যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় যাত্রী সাজু বেগম মারা যান।

রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে পিকআপ খাদে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিলাইছড়ি-শুক্কুরছড়ি চার কিলোমিটার নামক এলাকার পশ্চিমে রাজস্থলীর সীমান্ত সড়ক এলাকায় একটি পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নবী হোসেন (২৮)। সে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুবপালন গ্রামের বাসিন্দা জাপর আহম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে পিকআপটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। শুক্কুরছড়ি চার কিলো নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এ সময় গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।