গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব খোলাসা করলেন বাইডেন, হামাস বললো ইতিবাচক

দখলদার ইসরায়েল গাজা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রস্তাব গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে। খবর আল জাজিরা।

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে সমর্থনের কারণে চরম সমালোচনার মুখোমুখি হচ্ছেন বাইডেন। ঠিক এমন সময়ে এমন কথা জানালেন তিনি।

যুদ্ধবিরতির জন্য ইসরায়েল তিন ধাপের প্রস্তাব দিয়েছে। প্রথম ধাপে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি হবে এবং গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সৈন্যদের সরিয়ে নেয়া হবে। সেখানে মানবিক সহায়তা প্রদান করা হবে এবং একই সাথে দুপক্ষের মধ্যে বন্দি এবং জিম্মি বিনিময় হবে।

এই চুক্তিটি শেষ পর্যন্ত দুপক্ষের মধ্যে দীর্ঘমেয়াদী শত্রুতা বন্ধ এবং গাজায় বড় ধরণের পুনর্গঠনের দিকে এগিয়ে যাবে।। হামাস বলেছে তারা এই প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে দেখছে।

শুক্রবার হোয়াইট হাউজে এক বক্তব্যে বাইডেন বলেছেন, প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি “পরিপূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি”, সেই সাথে জনবহুল এলাকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের জিম্মি বিনিময়ের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

এসময় বাইডেন বলেন, এটা আসলেই একটি সিদ্ধান্ত নেওয়ার সময়। হামাস সবসময় বলে তারা যুদ্ধ বিরতি চায়। তাহলে তারা এই চুক্তি মানে কী না সেই বক্তব্য প্রমাণ করার এটি একটি সুযোগ।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, এই যুদ্ধবিরতি গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক মানবিক সহায়তা নিয়ে যাওয়াসহ, বিপর্যস্ত অঞ্চলগুলোতে আরো মানবিক সহযোগিতা পৌঁছানোর অনুমতি দেবে।

এই চুক্তির দ্বিতীয় ধাপে পুরুষ সৈন্যসহ সব জীবিত জিম্মিদের ফিরিয়ে আনা হবে। এই যুদ্ধবিরতি তখন স্থায়ীভাবে দীর্ঘ শত্রুতার অবসান ঘটাবে।