হলিউডের পপতারকা জেনিফার লোপেজ বহুল প্রতীক্ষিত কনসার্ট বাতিল করেছেন। দীর্ঘপাঁচ বছর বিরতির পর আগামী মাস থেকে ‘দিস ইজ মি…নাউ’ কনসার্ট শুরু করার কথা ছিল তার। এরজন্য টিকেটও বিক্রি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তা বাতিল করায় বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের ব্রেকাপ গুঞ্জনের চর্চা করছেন নেটিজেনরা।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার এই সংগীত সফর বাতিলের ঘোষণা দেয় আয়োজক লাইভ নেশন এন্টারটেইনমেন্ট। জানানো হয়েছে, পরিবার, বন্ধু ও সন্তানদের সময় দেয়ার জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যারা টিকেট কিনে ফেলেছেন, তাদেরকে অর্থ ফেরত দেয়া হবে বলেও জানানো হয়েছে।
জানা যায়, সফরটি ফ্লোরিডার অরল্যান্ড থেকে ২৬ জুন শুরু হয়েছে ৩১ আগস্ট হিউস্টনে শেষ হওয়ার কথা ছিল।
এছাড়া লোপেজ তার অফিশিয়াল ওয়েবসাইটেও কনসার্ট বাতিলের কথা জানিয়েছেন। লিখেছেন,‘আপনাদের মন ভেঙেছে জানি। এই ঘোষণা দিতে আমারও মন ভেঙ্গে যাচ্ছে।’ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আবার প্রস্তুত হয়ে ফিরবেন।
বিচ্ছেদের গুঞ্জন ছাড়াও লোপেজ এখন আলোচনায় গত ২৪ মে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমা ‘অ্যাটলাস’ দিয়ে। গতকাল পর্যন্ত নেটফ্লিক্সের ইংরেজিভাষী সিনেমার টপ চার্টের শীর্ষে ছিল ব্র্যাড পেটন পরিচালিত সিনেমাটি।
২০০১ সালে প্রথম সম্পর্কে জড়িয়েছিলেন জেনিফার-বেন। ২০০২-এর নভেম্বরে বাগদানও সারেন তারা। পরের বছর বিয়ে হওয়ার কথা থাকলেও তা আর বাস্তবায়িত হয়নি। ২০০৪ সালে ভেঙে যায় তাদের সম্পর্ক। দু’জনেই বিয়ে করেন অন্যত্র।
তার প্রায় ১৭ বছর বাদে ২০২১ সাল থেকে ফের একসঙ্গে দেখা যায় জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেককে। বছর ঘুরতে না ঘুরতেই বিয়েও করে নেন তারা। একসঙ্গে থাকার জন্য নতুন বাড়িও কিনেছিলেন তখন।
সেই বাড়ি ছেড়ে ইতিমধ্যেই নাকি বেরিয়ে এসেছেন বেন। বাড়িটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চলছে। বেন আপাতত থাকছেন প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারের বাড়ির কাছাকাছি।