কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্যবসায়ী নজরুল ইসলামকে (৪৬) হত্যার অপরাধে ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মুন্সি রফিউল আলম এই রায় প্রদান করেন। রায়ে অপর ৩ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের মার্চ মাসের ১৯ তারিখ রাতে নাগেশ্বরী উপজেলার পূর্ব পায়রাডাঙ্গার হাশেমবাজার এলাকার নজরুল ইসলাম নাগেশ্বরী উপজেলা শহরে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পশ্চিম পায়রাডাঙ্গা নলবাড়ী এলাকায় শ্রী রণজিৎ সরকারের বাড়ির কাচারী ঘরের সামনে ওৎ পেতে থাকা তারই প্রতিবেশী আব্দুর রহিম (৩০) ও আসাদুজ্জামান ওরফে রাজা (২৪), পশ্চিম পায়রাডাঙ্গা এলাকার সাইফুর রহমান ওরফে হেজী (৩৫), পূর্ব পায়রাডাঙ্গার মঞ্জুরুল হক (৪৬), একই এলাকার সৈফুর রহমান ওরফে কাচু (৪০), মকবুল হোসেন (৪৫), আমিনুল (৩৭) ও আব্দুর রশিদসহ (২৬) অনেকে ধারাল অস্ত্র নিয়ে নজরুল ইসলামের উপর হামলা চালায়।
আরো পড়ুন: ছাদ দেখানোর কথা বলে সায়মাকে নিয়ে যায় ধর্ষক হারুন
উপর্যুপরি আঘাতে নজরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে নিহতের ছোট ভাই শহিদুল ইসলাম ২০ মার্চ ২০০৮ সালে নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানির পর কুড়িগ্রাম জেলা দায়রা ও জজ আদালতের বিজ্ঞ বিচারক মুন্সি রফিউল আলম দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি আব্দুর রহিম, আসাদুজ্জামান রাজা, সাইফুর রহমান হেজী, মঞ্জুরুল হক ও সৈফুর রহমান কাচুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন এবং আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ।
ইত্তেফাক/জেডএইচ