ছক্কা হাঁকিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন

দুই দলে ভাগ হয়ে ক্রিকেট ম্যাচ খেলছিল একটি প্রতিষ্ঠানের কর্মীরা। বোলার বল করলেন, অন্য প্রান্তের দাঁড়িয়ে থাকা ব্যাটার সেই বল সজোরে পিটিয়ে ছক্কা মারেন। তবে ছক্কা মারার পরেই ওই ব্যাটার মাটিতে লুটে পড়েন এবং তিনি মারা যান। ভারতের মহারাষ্ট্রের থানের মিরা রোড এলাকায় ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গোলাপি  রঙয়ের জার্সি পড়া এক ব্যক্তি সজোরে ব্যাট চালিয়ে ছক্কা মারেন, এরপর পরের বলের জন্য প্রস্তুতি নিতে গেলে আকস্মিক মাটিতে ঢলে পড়েন।  

ইন্ডিয়া টুডে বলছে, গতকাল রোববার ক্রিকেট ম্যাচ চলাকালীন ৪২ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। শহরের কাশ্মিরা এলাকায় এক কোম্পানি একটি ফার্মহাউসে এই ম্যাচের আয়োজন করে। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম রাম গণেশ তেওয়ার। 

তিনি ম্যাচ চলাকালীন ছক্কার মারার পরেই মাটিতে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাকে মারা গেছেন।