উপজেলা পরিষদ নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়ায় এজেন্টসহ ৩ জনের কারাদণ্ড

বিজয়নগরে উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগে দুই কেন্দ্রে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার (৫ জুন) ষষ্ঠ উপজেলা ‍নির্বাচনের ৪র্থ ধাপের ভোটগ্রহণ চলছে এ উপজেলায়। নির্বাচনি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরানুল হক ভুইয়া ও মঈন উদ্দিন খন্দকার। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ৪৮নং ছতরপুর উচ্চ বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তা কর্তৃক বারংবার নিষেধ করা সত্ত্বেও মোবাইল ফোন সঙ্গে রাখায় পোলিং এজেন্ট হাসঁ প্রতিকের হারুন মিয়া (২৪) ও মুকুট প্রতিকের শাহানা বেগম (৫২)-কে হাতেনাতে আটক করা হয়। উভয়কে দণ্ডবিধির-১৮৬০ এর ১৮৮ ধারায় ৩(তিন) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

bbbbbb

অন্যদিকে উপজেলার ১০নং পাহাড়পুর ইউনিয়নের ৪০নং আউলিয়ানগর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে মো. কাউসার মিয়া নামক এক ব্যক্তিকে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার না হওয়া সত্ত্বেও ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ মাহবুবুল হক বলেন, ‘নির্বাচন সুষ্টু রাখতে প্রশাসনের সবাই কাজ করছে এবং নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।