উপজেলা নির্বাচন

প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ: ইসি সচিব

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত দেশের ৬০ উপজেলায় ভোট পড়েছে ১৭ দশমিক ৩১ শতাংশ। বুধবার (৫ জুন) নির্বাচন কমিশন সচিব শফিউল নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৬ জেলায় ৬০ উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। এ পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অনিয়ম, গোলযোগের তথ্য পায়নি ইসির কেন্দ্রীয় মনিটরিং সেল।

ভোটের সময় অনিয়মের চেষ্টা করায় ৪ জনকে আটক করা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, ৩ জনকে জরিমানাও করা হয়েছে।

এদিকে, একযোগে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া আগের ধাপের ২০ উপজেলার ভোট অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন।

নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শৃঙ্খলা বজায় রাখতে ৬৭ হাজার ৭০৭ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তাদের পাশাপাশি নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে ১৬৬ প্লাটুন বিজিবি।