রাজধানীতে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা রক্ষায় যত্রতত্র বাস না থামানোর নির্দেশ দিয়েছে ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগ। আজ সোমবার সকালে এক কর্মশালায় এ নির্দেশনা দেয় সড়কে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এ বিভাগ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রাফিকের এয়ারপোর্ট ও উত্তরা পূর্ব জোনের পক্ষ থেকে বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি, সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ট্রাফিক এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, যত্রতত্র বাস না থামানো, বাস-বে ব্যবহার করা ও বাস স্টপেজে যাত্রী ওঠানামা করানো, অতিরিক্ত ভাড়া আাদায় ও যাত্রী পরিবহন না করা, ওভারটেকিং ও ওভারস্পিডিং না করা, এক রুটের গাড়ি অন্যরুটে চলাচল না করা, যাত্রীদের মলম পার্টি, পকেটমার ও ছিনতাইকারী থেকে সাবধান থাকতে হবে।
উত্তরা ট্রাফিক পূর্ব জোনের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ ইব্রাহিম বলেন, সড়কে জট দূর করতে দীর্ঘদিন ধরে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো আছে তাদের সঙ্গে কথা বলে আসছি। ঈদ উপলক্ষে ঘর ফেরা মানুষের অসুবিধা যেনো না হয় তারা কথা দিয়ে বাসগুলো যাত্রী উঠানামায় শৃঙ্খলা মানবে। আশা করি কিছুটা হলেও সড়কে ভোগান্তি দূর হবে।
ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, চালক ও যাত্রীদের মধ্যে আইন মানার প্রবণতা বাড়ছে। পরিস্থিতি প্রতিদিনই উন্নতি হচ্ছে। জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহার আগের চেয়ে বেড়েছে।
তিনি আরও বলেন,আইন অমান্য করে, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।