সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কের আলীরগাঁও ইউনিয়নের বার্কিপুরে বেইলি ব্রিজ ভেঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে গেলে ঐ সড়কে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। রবিবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গোয়াইনঘাট উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত বার্কিপুর বেইলি ব্রিজটি সিলেট-তামাবিল মহাসড়ক থেকে সারীঘাট হয়ে গোয়াইনঘাট উপজেলা সদরের সড়ক যোগাযোগ রক্ষা করে আসছিল। প্রতিদিন যাত্রীবাহী ও মালবাহী হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে এ সড়কে। সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও ব্যাবসায়ীরা এ সড়কের উপর দিয়ে যাতায়াত করেন। উপজেলা সদরে প্রবেশের একমাত্র প্রধান সড়কের এ ব্রিজটিতে সিমেন্ট বোঝাই ট্রাক উঠার পর ভেঙ্গে খাদে পড়লে পথচারী ও যাত্রী সাধারণ ভোগান্তিতে পড়েন।
আরও পড়ুন: সাকিবের শীর্ষস্থান অক্ষুণ্ন
উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, সারী-গোয়াইনঘাট সড়কের বার্কীপুরে বেইলি ব্রিজ ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি সিলেট সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি