সড়কে ঝরলো তিন প্রাণ

সাঁথিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নছিমন ও করিমনের দুই চালক নিহত হয়েছেন। নিহতরা হলেন নছিমনের চালক সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের রইজ উদ্দিন (৪০) ও কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রামের করিমনচালক হামিদুল (২৬)। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের নন্দনপুর ইউনিয়নের রাঙামাটিয়া নামক স্থানে গরুবোঝাই নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালক নিহত হন। অন্যদিকে বুধবার ভোর ৪টার দিকে বেড়া থেকে আসার পথে পাবনা-ঢাকা মহাসড়কে উপজেলার মাধপুর নামক স্থানে থামানো ট্রাকের পেছনে ধাক্কা দিলে করিমনচালক ঘটনাস্থলেই নিহত হন। মাধপুর হাইওয়ে থানার ওসি জয়নাল আবেদিন সরকার জানান, লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা জানান, নবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ইসমাইল (২৮)। তিনি বিরামপুর উপজেলার দক্ষিণ শাহবাজপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে। মঙ্গলবার রাত ১১টার দিকে নবাবগঞ্জ-দাউদপুর সড়কের উপজেলা সদরের শ্রীকৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার এসআই মাসউদ রানা বলেন, নিহত ইসমাইল একজন মৌসুমি ফল ব্যবসায়ী। তিনি ব্যবসার কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে শ্রীকৃষ্ণপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় রাসেল ও মোকলেছুর রহমান নামের দুই মোটরসাইকেল অরোহী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে নিহতের পরিবার থেকে  কারো কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।