মির্জাপুরে স্কুলছাত্রীকে অপহরণ করতে না পেরে পরিবারের উপর হামলা

অষ্টম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করতে না পেরে বখাটে সজিব (২৫) ও তার সহযোগিরা তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বাড়িঘর ভাংচুর করেছে। বখাটের ভয়ে পরিবারটি বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকার সংখ্যালঘু পরিবারের মধ্যে আতংক বিরাজ করছে। উপজেলার ৩নং ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

রবিবার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ মিয়া ও ছাত্রীর পরিবার অভিযোগ করেন, থলাপাড়া গ্রামের সংখ্যালঘু পরিবারের ঐ মেয়েটি হাটফতেপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন মেধাবী ছাত্রী। মেয়েটি যখন ৫ম শ্রেণিতে পড়ত তখন থেকেই থলপাড়া গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে সজিব তাকে উত্ত্যক্ত করে আসছিল। 

সজিবের হুমকি ও লোকলজ্জার ভয়ে প্রতিবাদ করার সাহস পায়নি পরিবারটি। মেয়েটি এখন হাটফতেপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী। শনিবার সকালে মেয়েটি বাড়ি থেকে তার দুই সহপাঠীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে সজিব তাকে অপহরণ করার চেষ্টা করে। এ সময় ছাত্রীটি ভয়ে দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। ব্যর্থ হয়ে সজিব ঐ ছাত্রীর বাড়িতে গিয়ে ভাংচুর চালায়। তার দাদা-দাদুসহ পরিবারের সদস্যরা এগিয়ে এলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে দুইজনকে আহত করে।

আরও পড়ুন: রংপুরে ৩ রোহিঙ্গা নারী আটক

গুরুতর অবস্থায় ছাত্রীর দাদা তারাপদ সরকারকে (৬০) মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক মিজান বলেন, খবর পেয়ে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সজিবকে গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি