পিরোজপুরের নাজিরপুর সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহাবিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সরকারি রেকর্ডভুক্ত খাল অবৈধ দখলের অভিযোগের পরে বুধবার (১২ জুন) বিকালে খাল পরিদর্শন করেন নাজিরপুর সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ
এ সময় তার সঙ্গে ছিলেন ভূমি অফিসের সার্ভেয়ার, নাজিরসহ উপজেলার কয়েকজন কর্মকর্তা। অবৈধ দখলদারদের দ্বারা খাল দখল করে বহুতল ভবন নির্মাণ, ময়লা আবর্জনা ফেলে খালটিকে ময়লার ভাগাড়ে পরিণত করার প্রাথমিক সত্যতার প্রমাণ পান। এ ছাড়া হাসপাতালের ড্রেনের ময়লাপানিসহ বসতবাড়ির টয়লেট বাথরুমের ময়লা পানি খালের সঙ্গে সংযোগের প্রমাণ মিলে।
স্থানীয় কৃষক বিনয় হালদার জানান, পত্রিকায় খবর প্রকাশের পর এসিল্যান্ড স্যারসহ অন্যান্য কর্মকর্তারা এসেছিলেন। তারা আমাদের খাল পরিস্কার করার জন্য আশ্বাস দিয়েছেন। এ আশ্বাস দ্রুত বাস্তবায়ন হলে আমরা খুশি।
নাজিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, আমার আমলে খালটি অবৈধভাবে কাউকে দখল করতে দেওয়া হবে না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর সম্ভবত প্রশসনের পক্ষ থেকে পরিদর্শন করেছে। আশা করি ফসসি জমি রক্ষায় স্থানীয় কৃষকদের ভোগান্তিতে পড়তে হবে না।
সহকারি কমিশনার ভূমি মো. মাসুম বিল্লাহ্ জানান, খাল অবৈধ দখলের অভিযোগ ইত্তেফাক অনলাইনে ‘নাজিরপুরে সরকারি খাল দখলের অভিযোগ, বিপাকে চাষিরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। খবরটি দেখে পরের দিনেই উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে, তার নির্দেশে আমি খালটি পরিদর্শন করি। পরির্দশনের সময় সংবাদের প্রাথমিক সত্যতা মেলে। আমি বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আলাপ করেছি। মাসিক আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি তুলে ধরব এবং দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাবো।