নায়কের পরকীয়া মানতে না পারায় ভক্তকে পিটিয়ে হত্যা

বেঙ্গালুরুর এক দোকানকর্মীকে খুনের অভিযোগে গত ১২ জুন গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা ও অভিনেত্রী পবিত্রা গৌড়া।

তাদের দুইজনের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানা গেছে। অভিনেতা দর্শনের ভক্ত দোকানকর্মী রেণুকা স্বামী (৩৩) এই সম্পর্কের বিষয়টি মেনে নিতে না পেরে ইনস্টাগ্রামে পবিত্রাকে অবমাননা করে মেসেজ পাঠিয়েছিলেন। এর জের ধরেই তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

২০০৩ সাল থেকে বিজয়লক্ষ্মী নামের এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ দর্শন। ভিনেশ নামে তাদের এক পুত্রসন্তানও রয়েছে। তবে পবিত্রার সঙ্গে দর্শনের বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে, যা সম্প্রতি সামনে আসে পবিত্রার শেয়ার করা একটি ভিডিওর মাধ্যমে। সেখানে দর্শনকে সঙ্গে নিয়ে ধারণ করা একাধিক ছবি ছিল। ক্যাপশনে তিনি তাদের সম্পর্কের দশবছর পূর্তির কথা উল্লেখ করেন। বিষয়টি অন্যদের নজরে আসার পর হইচই শুরু হয়। সরব হন দর্শনপত্নী বিজয়লক্ষ্মীও।

অন্যদিকে দোকানকর্মী রেণুকা স্বামী ছিলেন অভিনেতা দর্শনের ভক্ত। প্রিয় অভিনেতার পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে তিনি তা মেনে নিতে পারছিলেন না। ইনস্টাগ্রামে পবিত্রাকে আক্রমণ করে মেসেজ পাঠাতে থাকেন তিনি। একপর্যায়ে অশ্লীল মেসেজও পাঠান। প্রেমিকার সঙ্গে এমন আচরণে ক্ষুব্ধ হন দর্শন। যে কারণে প্রাণ হারাতে হয়েছে রেণুকার।

দর্শন ও পবিত্রার বিরুদ্ধে ওঠা খুনের অভিযোগ সূত্রে আরও জানা গেছে, প্রথমে নিজের ফ্যানক্লাবের সদস্যদের দিয়ে রেণুকাকে অপহরণ করান অভিনেতা দর্শন। এরপর তাকে আটকে রেখে মারধর করা হয়। দর্শনও সেখানে গিয়ে রেণুকাকে বেল্ট দিয়ে মারধর করেন। মারধরে রেণুকার মৃত্যু হয়। পরে মরদেহ ফেলে আসা হয় এক নর্দমায়। 

গত ৮ জুন রেণুকা বাড়ি না ফেরায় তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর গত সোমবার বেঙ্গালুরুর সুমনাহাল্লি সেতুর কাছে এক নর্দমায় রেণুকার মরদেহ উদ্ধার হয়। একটি কুকুর রেণুকার মৃতদেহ টানাটানি করার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে তদন্তে নামে। আটক করা হয় তিনজনকে।

খুন হওয়া রেণুকা স্বামী

প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, খুনের আগের দিন গভীর রাত পর্যন্ত ওই তিনজনের সঙ্গে অভিনেতা দর্শনের যোগাযোগ হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা খুনের কথা স্বীকার করে জানায়, অভিনেতা দর্শনের নির্দেশেই রেণুকা স্বামীকে খুন করা হয়েছে। এরপর জানা যায় এর পেছনের কারণ।

মঙ্গলবার সকালে মাইসুরুর বাগানবাড়ি থেকে আটক করা হয় দর্শন এবং পবিত্রাকে। পরে জিজ্ঞাসাবাদের জন্য বেঙ্গালুরুতে নিয়ে আসা হয় তাদের। এছাড়াও আরও ১০ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

বাঁ দিকের ছবিতে দর্শনের স্ত্রী বিজয়লক্ষ্মী। ডানের ছবিতে দর্শন ও পবিত্রা

দর্শন থুগুদীপা কন্নড় ছবির জনপ্রিয় তারকা। বেশকিছু জনপ্রিয় সিনেমা রয়েছে তার। সে তুলনায় পবিত্রা খুব বেশি পরিচিত নন। তবে তিনি সিনেমা ও টিভি ধারাবাহিকে কাজ করেন। রয়েছে একটি ফ্যাশন হাউজও। চলতি বছরের জানুয়ারিতে পবিত্রা যখন দর্শনের সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করে ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছিলেন, তখন বিষয়টি প্রকাশ্যে আসে। অভিনেতার প্রকৃত স্ত্রীর পরিচয়ও তখন সামনে আসে। তৈরি হয় সমালোচনা।

দর্শন থুগুদীপার সিনেমার পোস্টার

এর আগে বউ পেটানোর অভিযোগে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার হয়েছিলেন অভিনেতা। সেই সময় হাজতবাস করতে হয় দর্শনকে। পড়ে সমঝোতা করেন স্বামী-স্ত্রী। কন্নড় ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা দর্শন আগেও বহুবার আইন ভেঙেছেন।