ইদ্দত মামলায় দেওয়া সাজা স্থগিত চেয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির করা আবেদনের বিষয়ে ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে নিম্ন আদালতকে আদেশ দিয়েছেন ইসলাবাদ হাইকোর্ট (আইএইচসি)। খবর জিও নিউজের।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার জেলা জজ আদালতকে সংশ্লিষ্ট আবেদনের সিদ্ধান্ত জানানোর সময়সীমা বেধে দেওয়া হয়। এছাড়া জেলা জজ আদালতকে আগামী এক মাসের মধ্যে ইদ্দত মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণার নির্দেশনাও দিয়েছে উচ্চ আদালত।
এদিন সকালে মামলার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাই কোর্টের বিচারপতি মিঙ্গুয়াল হাসান আওরঙ্গজেব।
এ মামলায় জেলা ও দায়রা আদালতে অপেক্ষমাণ রাখা আদেশ ঘোষণার আবেদন করেছেন ইমরান খান। একই সঙ্গে আপিল আবেদনের শুনানি করারও আবেদন করেছেন তিনি। এদিকে নিম্ন আদালতে সাজা স্থগিত চেয়ে আবেদন করেছেন বুশরা।
ইদ্দতের সময় পূর্ণ না করে শরিয়াহ আইন লঙ্ঘন করে বিয়ে করার দায়ে গত ৩ ফেব্রুয়ারি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বসানো একটি অস্থায়ী আদালত।
বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকার করা মামলায় ইমরান ও বুশরাকে এই সাজা দেন আদালত। মামলায় মানেকা অভিযোগ করেছিলেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নির্দিষ্ট সময় পার (ইদ্দত) না হতেই ইমরান খানকে বিয়ে করেন বুশরা বিবি, যা স্পষ্টতই শরিয়াহ আইনের লঙ্ঘন।