বাড়ছে বৃষ্টির প্রবণতা, ৩ বিভাগে ভারী বর্ষণের আভাস

জৈষ্ঠের শেষ আজ, আসছে বর্ষাকাল। দেশে দিনকে দিন বাড়ছে বৃষ্টিপাতের প্রবণতা। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৪ জুন) এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

শনিবারের আবহাওয়া নিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ দিনও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামী রোববারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আভাস রয়েছে। ওইদিন চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময়ের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।