ইডির দপ্তরে হাজিরা দিলেন ঋতুপর্ণা

টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রেশন দুর্নীতি মামলায় ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টর) দপ্তরে হাজিরা দিলেন। এর আগে বেশ কয়েকবার তাকে রেশন দুর্নীতি মামলায় ইডির দপ্তরে তলব করা হলেও তাতে সাড়া দেননি তিনি।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৯ জুন) সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজির হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু অভিনেত্রীর আসার অনেক আগেই তার হিসাবরক্ষক প্রয়োজনীয় নথি নিয়ে ইডির দপ্তরে হাজির হয়েছিলেন।

ঋতুপর্ণার হিসাবরক্ষক জানিয়েছেন, অভিনেত্রীর কাছে যে সমস্ত হিসাব দেখতে চেয়েছিলেন ইডির কর্মকর্তারা। এ সব নথিপত্র নিয়ে আমি হাজির হয়েছি। যেহেতু অভিনেত্রীর সব হিসাব আমি দেখাশোনা করি, তাই বুঝিয়ে দিতে সুবিধা হবে বলে এখানে আসার অনেক আগেই তার হিসাবরক্ষক প্রয়োজনীয় নথি নিয়ে ইডির দপ্তরে হাজির হয়েছিলেন।

পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি মামলায় এরই মধ্যে রাজ্যে সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেল হেফাজতের রয়েছে। এছাড়াও রেশন দুর্নীতি মামলায় রাজ্যের শাসক দলের একাধিক নেতা গ্ৰেফতার হয়েছেন। 

গ্ৰেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ হাতে পেয়েছেন বলে দাবি করেছে এই মামলার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)।

অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ইডির কর্মকর্তারা জানতে পেরেছেন এই রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণার সঙ্গে প্রায় কয়েক কোটি রুপির আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থার সঙ্গে। তবে কোন সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি ইডি।

এর আগে গত ৫ জুন অভিনেত্রীকে রেশন দুর্নীতি মামলায় ডাকা হয়েছিল। কিন্তু অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বিদেশে থাকায় সে সময় তিনি ইডি দপ্তরে হাজির হতে পারেনি। তবে তিনি দাবি করেছিলেন, ইডির সব রকমের প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত।

ওই সূত্রে জানা যায়, বিদেশে থাকার কারণে ইডি দফতরে যেতে পারেননি অভিনেত্রী। এ কথা তিনি ইডি আধিকারিকদের ইমেইল করে জানিয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যায়, তার পরে তাকে আবার ইডি দফতরে যেতে বলা হয়েছিল।