পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’ নিয়ে সুখবর দিলেন নির্মাতা সৈকত নাসির। দুই দেশের সীমান্তবর্তী এলাকার রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি এ সিনেমাটি এবার হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সৈকত নাসির নিজেই।
নির্মাতা বলেন, সুলতানপুর দেশে মুক্তির পর থেকেই ভারতের বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থা থেকে হিন্দি ভাষায় মুক্তির জন্য যোগাযোগ করে। অবশেষে ভারতের অনলাইন প্ল্যাটফর্ম ‘আল্ট্রার’র সঙ্গে চুক্তি হয়েছে। ইতোমধ্যেই হিন্দি ভাষায় ‘সুলতানপুর’ ডাবিং করে ‘আল্ট্রার’য় স্ক্রিনিংও করা হয়েছে।
নির্মাতা আরও জানান, ‘শুধু হিন্দি ভাষাতেই নয়, অচিরেই ‘সুলতানপুর’ মুক্তি পাবে চায়নিজ ভাষায়ও।
গত বছরের ২ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘সুলতানপুর’। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতার বড়াই, মাদক পাচারসহ এমন আরও অনেক বিষয় তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক।
এতে সুমন ফারুকের বিপরীতে দেখা গেছে অধরা খানকে। আরও আছেন আশীষ খন্দকার, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ।