টানাবর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল ক্রমশ প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাসিন্দারা। ৪ দিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছেন এখানকার হাজার হাজার মানুষ।
এক সাপ্তাহ ধরে টানা বর্ষণ ও মেঘালয় থেকে নেমে আসা ঢলের পানিতে সুরমা, চেলা, চলতি, মরা চেলা, খাসিয়ামারা, মৌলা, কালিউরি, মখালি নদীসহ দোয়ারাবাজারের খাল-বিলের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব অঞ্চলে বসবাসকারী বহু মানুষের ঘরবাড়ি, আসবাবপত্রসহ গবাদিপশু ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এ ছাড়াও বাংলাবাজার, নরসিংপুর ইউনিয়নের বেশিরভাগ গ্রামের আমন ধানের বীজতলা, আউশ ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। বাংলাবাজার ইউনিয়ানের পেকপাড়া, চৌধুরীপাড়া, মৌলারপাড়, চিলাইপাড়, পুরান বাশতলা গ্রামের মৎস্য চাষিদের পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে।
দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বলেন, আকস্মিক বন্যায় আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের দিকনির্দেশনায় বন্যায় আক্রান্ত গ্রাম ও আশ্রয়কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।