টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে ১৪০ রান তুলেছে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে সবশেষ খবর পাওয়া পর্যন্ত, ৯ ওভারে ৭০ রান তুলে ২ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। দুই উইকেটই তুলে নিয়েছেন রিশাদ হোসেন।
শুক্রবার (২১ জুন) স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। খেলের শুরুতেই বৃষ্টি বাগড়া দেয়।
৬ ওভার ২ বল খেলে কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া ৬৪ রান তুললে ফের নামে বৃষ্টি। তবে বৃষ্টি শেষে টাইগাররা জোড়া আঘাত হানে অস্ট্রেলিয়ান শিবিরে।
এদিকে, টাইগারদের শুরুতে রান তোলার গতি দেখে চ্যালেঞ্জিং পুঁজি গড়ার আভাস দেখা গেলেও শেষ দিকে আচমকা ব্যাটিং ধসে সেটি আর হয়ে ওঠেনি। তাওহিদ হৃদয় ও শান্তর ব্যাটে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান তুলতে পারে বাংলাদেশ।
এর আগে, গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি জয় পায় বাংলাদেশ। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সেরা আটে জায়গা করে নিয়েছে টাইগাররা। একমাত্র হার দেখা দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয়ের দ্বারপ্রান্তে ছিল টাইগাররা। শেষ মুহূর্তে মাত্র ৪ রানের ব্যবধানে হার দেখতে হয়েছে।
আজকের ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকের আলি অনিকের জায়গায় একাদশে এসেছেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদি।