নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাদশার পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সুশীল সমাজ ও স্থানীয় ভোটাররা।
শুক্রবার (২১ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাঞ্চন পৌরসভার ৯টি ওয়ার্ডের ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়, বিরাবো, তারইল, রানীপুরা, কলাতলী, কালাদী, হাটাবো, চরপাড়া, দীঘলিয়াসহ বিভিন্ন পাড়া মহল্লায় একযোগে এ গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানো হয়। ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রচারণায় বাদশার পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান চৌধুরী, মাসকো গ্রুপের চেয়ারম্যান এমএ আব্দুস সবুর, গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মূর্তজা পাপ্পা, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলি, আওয়ামী লীগ নেতা হাজী এমায়েত হোসেন, মিলন চৌধুরীসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, আবুল বাদশা কাঞ্চন ইউনিয়ন পরিষদের দুই দুই বার চেয়ারম্যান ছিলেন। পৌরসভা হওয়ার পরে আরও একবার মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের পাশে থেকে সার্বিক উন্নয়নের কাজ করেছেন। বাদশা কারও জমি বালু ভরাট কিংবা দখল করেনি। এবারের নির্বাচনে আমরা সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃফুর্ত ও ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করব।
এদিকে দুপুর থেকে প্রতিটি পাড়া-মহল্লা থেকে স্থানীয় ভোটাররা দল বেঁধে মোবাইল প্রতীকে আবুল বাশার বাদশার পক্ষে ভোট দেওয়ার আহবান জানিয়ে মিছিল ও প্রচারণা চালায়। গণসংযোগ ও প্রচারণার সময় গণজোয়ারের সৃষ্টি হয়।