স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে জার্মানির ইউরো যাত্রা শুরু

স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে ইউরো মিশন শুরু করেছে স্বাগতিক জার্মানি। দুর্দান্ত এই শুরু জার্মানির চতুর্থ ইউরোপিয়ান শিরোপা জয়ের স্বপ্ন আরও দৃঢ় করেছে। শুক্রবার (১৪ জুন) মিউনিখে স্কটল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছে জার্মানি। 

ফ্লোরিয়ান রিটজ ১০ মিনিটে গোলের সূচনা করেন। অল্প সময়ের মধ্যে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা। স্কটল্যান্ডের জন্য দীর্ঘ প্রতীক্ষার একটি রাত মোটেই ভালভাবে কাটাতে দেয়নি জার্মানরা। ইকে গুনডোগানকে দুই পায়ে পিছন থেকে চ্যালেঞ্জের কারণে সরাসরি লাল কার্ড দেখে প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে মাঠ ত্যাগ করেন স্কটল্যান্ডের রায়ান পোরটিয়াস। এর ফলে প্রাপ্ত পেনাল্টি থেকে কেই হাভার্টজ দলের হয়ে তৃতীয় গোলটি করেন। 

বদলি হিসেবে নেমে নিকলান ফুলক্রুগ দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে শক্তিশালী শটে স্কোরশিটে নাম লেখান। ৮৭ মিনিটে  জার্মান খেলোয়াড় এন্টোনিও রুডিগারের আত্মঘাতী গোলে স্কটল্যান্ড একটু হলেও স্বস্তি ফিরে পায়। ইনজুরি টাইমে আরেক বদলী খেলোয়াড় এমরে কান জার্মানির হয়ে পঞ্চম গোলটি করেছেন।

দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ড কিছুটা উজ্জীবিত হয়ে মাঠে নামে। কিন্তু কোনভাবেই জার্মানদের আটকাতে পারেনি। হাভার্টজের পরিবর্তে মাঠে নামা ফুলক্রুগের কোনাকুনি শটে ৬৮ মিনিটে ৪-০ ব্যবধানে লিড পায় স্বাগতিকরা। ম্যাচ শেষে তিন মিনিট আগে স্কট ম্যাককেনার হেড ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল জড়ান রুডিগার। ইনজুরি টাইমে ২০ গজ দুর থেকে কানের কার্লিং শটে বড় ব্যবধানের জয় পায় জার্মানরা।