নবাবগঞ্জে বাসের ধাক্কায় ২ সিএনজি যাত্রী নিহত 

ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র ও সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ ও সিরাজদিখানের সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সকালে জয়পাড়া কলেজ মোড় থেকে ৫ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের কদমতলীর দিকে  যাত্রা করেছিলো সিএনজিটি। পথে নবাবগঞ্জ ও সিরাজদিখান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিটি একটি বাসকে দ্রুত বেগে অভারটেক করার সময় অপরদিক থেকে আসা নবকলি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ ঘটে।

নিহতরা হলেন দোহারের নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সাতভিটা গ্রামের শেখ গিয়াস উদ্দিনের ছেলে শেখ আব্দুর রহমান (৬৭) ও জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. শাহীন (২৫)। শাহীন দোহার পৌরসভার ইসলামপুর খালপাড় গ্রামের শেখ রাজ্জাকের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন এক কলেজ ছাত্রীসহ ৪ জন। তাৎক্ষণিকভাবে আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি শাহ জালাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলটি সিরাজদিখান থানার অন্তর্গত। বিষয়টি তারা দেখছে।