রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হলগুলোতে বিভিন্ন সময়ে পানিসংকটের সমস্যা দীর্ঘদিনের। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শেখ সায়েরা খাতুন হলের ছাত্রীরা তীব্র পানিসংকটে ভুগছেন। ঈদুল আজহার ছুটি শেষে ছাত্রীরা হলে এসে পানি পাচ্ছেন না। ওয়াশরুমে ও ফিল্টারে খাওয়ার পানি না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থীদের।
জানা যায়, ২০২০ সালে ১০ তলা বিশিষ্ট শেখ সায়েরা খাতুন ছাত্রী হলের নির্মাণকাজ শুরু হয় এবং ২০২৩ সালে চালু করা হয়। চালুর পর থেকেই বিভিন্ন সময়ে হলে পানিসংকটের ঘটনা ঘটলেও স্থায়ী কোনো সমাধান করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। রিজার্ভার নষ্ট থাকার কারণে হলটিতে দুপুরে বেশির ভাগ সময়ে ওয়াশরুমে পানি থাকে না, কোনো কোনো সময় খাওয়ার পানি থাকে না। ক্লাস শেষে শিক্ষার্থীরা হলে এসে ওয়াশরুমে যেতে পারে না, গোসল করতে পারে না। মাঝেমধ্যে ওয়াসা থেকে পানি সরবরাহ দেওয়া হয়, তবে তা পর্যাপ্ত নয়।
হলে অবস্থানরত এক শিক্ষার্থী বলেন, ‘হলে ওয়াশরুমে পানি নেই, কোনো ফিল্টারে পানি নেই। হঠাৎ একটু পানি এলেও তাতে ময়লা থাকে, পানির রং থাকে কালচে। সেই পানি দিয়ে হাত-মুখ ধোয়াও সম্ভব না, শরীর চুলকায়। এভাবে হলে থাকতে কষ্ট হচ্ছে খুব। পরীক্ষা থাকার কারণে হলে আসতে হয়েছে ঈদের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই। হল প্রশাসন আমাদের প্রয়োজনকে গুরুত্ব দিলে এরকম পানি সমস্যায় ভুগতে হতো না।’
হলটির আরেক শিক্ষার্থী বলেন, ‘গোসলের সময় পানি না পেয়ে অন্য হলে গিয়ে গোসল করেছি। পানি আবাসিক হলের মৌলিক প্রয়োজনগুলোর একটি অথচ আমরা দীর্ঘদিন পানি না থাকার সমস্যায় ভুগছি। আমরা মেয়েরা অস্বাস্থ্যকর জীবন যাপন করছি এখানে।’
শেখ সায়েরা খাতুন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করছি, শিক্ষার্থীদের যাতে অসুবিধা না হয়। পাম্পে সমস্যার জন্য এমন হয়েছে। চলতি মাসের ২৮ তারিখ নাগাদ সমস্যা সমাধান হবে বলে প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়েছে। বর্তমানে ওয়াসা থেকে পানি নিয়ে শিক্ষার্থীদের চাহিদা মেটানোর চেষ্টা করছি। নিজস্ব পাম্প ঠিক হলে সমস্যা থাকবে না।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. মোমেনুল আহসান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের পানির সমস্যা হতে দেব না। আগামী দুই-তিন দিনের মধ্যেই নতুন পাম্পের সঙ্গে হলের পানির সংযোগ স্থাপন করে দেব। আর এই কয়েক দিন ওয়াসা থেকে পানি এনে সার্বক্ষণিক রিজার্ভ ট্যাংক পরিপূর্ণ রাখার চেষ্টা করছি। শিক্ষার্থীদের বিষয়গুলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করি।’