কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্পে আগের নিয়ম না মেনে নতুন নিয়মে রেশন বিতরণ করায় গত এক সপ্তাহ ধরে রেশন গ্রহণ বন্ধ করেছে রোহিঙ্গারা। এই বিষয়ে উত্তেজিত রোহিঙ্গারা এর প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।
সোমবার দুপুরে ওই ক্যাম্পের সাইর মোহাম্মদের স্ত্রী জুহুরা বেগম, আহমদের স্ত্রী সাজেদা বেগম, আরিফ উল্লার স্ত্রী আনোয়ার বেগম, রহিম উল্লার স্ত্রী হাসিনা বেগমের নেতৃত্বে একদল রোহিঙ্গা নারী-পুরুষ নতুন রেশন প্রথা বাতিলের দাবি জানিয়ে খাদ্য গুদামের সামনে গিয়ে বিক্ষোভ করেন। পরে মিছিল-সমাবেশ করার চেষ্টা করলে বস্তির চেয়ারম্যান মো. আলম তাদের থামিয়ে নতুন রেশন বিতরণ পদ্ধতি দ্রুত বাতিলের দাবি জানিয়ে এসিএফের প্রজেক্ট অফিসার বরাবরে আবেদন করেন।
এদিকে, রোহিঙ্গারা আরও জানান, বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় হাঙ্গার প্রজেক্ট (এসিএফ) প্রতিজন রোহিঙ্গাকে ৭শ ৭০টাকা করে রেশন বাবদ টাকা দিয়ে আসল। ফলে সাধারণ রোহিঙ্গারা তাদের পছন্দ মতো খাবার কিনে খেত। এতেই সাধারণ রোহিঙ্গারা সন্তুষ্ট ছিল বলে রোহিঙ্গা নেতারা দাবি করেন। কিন্তু রেশন বিতরণকারী সংস্থা গত ১ জুলাই থেকে নির্দিষ্ট একটি দোকান থেকে ৪৫০ টাকার চাল ও ৩২০টাকার অন্যান্য পণ্য কিনতে বলে। এতে সাধারণ রোহিঙ্গা ক্ষুদ্ধ হয়ে গত ১ সপ্তাহ ধরে রেশন নেওয়া বন্ধ করে দেন।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার ফল ১৭ জুলাই
লেদা এলএমএস রোহিঙ্গা ক্যাম্প চেয়ারম্যান মো. আলম বলেন, রেশন সংক্রান্ত বিষয়ে রোহিঙ্গারা উত্তেজিত হয়ে উঠলে আমি তাদের থামিয়ে দেই। এরপর আগের নিয়মে রেশন বিতরণের আহ্বান জানিয়ে আবেদন করেছি।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এই বিষয়ে অভিযুক্ত সংস্থার কর্তাদের ফোনে না পাওয়ায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইত্তেফাক/কেকে