বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ এর মতো বিগ বাজেটের অ্যাকশন সিনেমা নিয়ে আবারও চমকে দিতে আসছেন নির্মাতা অ্যাটলি। এবার তার সঙ্গে কাজ করবেন বলিউড ভাইজান সালমান খান ও দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সালমান খান ও রজনীকান্তকে নিয়ে সিনেমা বানানোর ২ বছরের পরিকল্পনার বাস্তবায়ন করতে যাচ্ছেন অ্যাটলি। সিনেমার নাম এখনও ঠিক হয়নি। তবে আগামী মাসেই নাকি দুই অভিনেতার সঙ্গে সিনেমা নিয়ে চূড়ান্ত বৈঠকে বসবেন তিনি।
এছাড়া জানা যায়, সিনেমাটি প্রযোজনা করবে সান পিকচার্স। রজনীকান্তের সঙ্গে পারিবারিক সম্পর্ক তাদের। রজনীকান্ত-সালমান খানকে একসঙ্গে পর্দায় আনতে খুবই আত্মবিশ্বাসী অ্যাটলি।
শোনা গিয়েছিল, প্রথমে অ্যাটলি স্ক্রিপ্ট নিয়ে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের কাছে গিয়েছিলেন। তবে সেখানে অভিনেতার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেননি। তাই পরিচালক তার পরবর্তীতেই সালমান খানকে ভাবনাটি শোনান। ভাইজান সেই গল্পটি শোনার পর পছন্দও হয়েছে বলে খবর পাওয়া গেছে।
অ্যাটলির ম্যাজিক কাবু করে ফেলেছে বলিউডের আনাচ কানাচ। এবার দেখার পালা দুই সুপারস্টারের সঙ্গে সেই কেমিস্ট্রি পর্দায় কীভাবে ফুটে ওঠে।
‘সিকান্দার’-এর শুটিংয়ে ব্যস্ত সালমান। ২০২৫-এর ইদে মুক্তি পাবে সালমানের ‘সিকান্দার’। অন্যদিকে, রজনীকান্ত কুলির শ্যুটিং শেষ করবেন।
সালমান খানকে শেষ দেখা গিয়েছিল টাইগার ৩-এ, আর রজনীকান্ত লাল সালামে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন।