সুসাহিত্যিক লেখক শহিদজননী জাহানারা ইমামের আজ ৩০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৪ সালের ২৬ জুন এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে পৃথক কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সকাল ৮টায় মিরপুরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ। বিকালে সাড়ে ৩টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘জাহানারা ইমাম স্মারক বক্তৃতা’, আলোচনাসভা এবং ‘জাহানারা ইমাম স্মৃতিপদক’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে।
এ বছর ‘জাহানারা ইমাম স্মারক বক্তৃতা’ প্রদান করবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। যুদ্ধাপরাধীদের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতি বছরের মতো এ বছরও বরেণ্য ব্যক্তিত্ব ও সংগঠনকে ‘জাহানারা ইমাম স্মৃতিপদক’ প্রদান করা হবে। এ বছর ব্যক্তি হিসেবে বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী নাগরিক আন্দোলনের নেতা বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম এবং সংগঠন হিসেবে ‘এম্পাওয়ারমেন্ট থ্রু ল অব দা কমন পিপল (এলকপ)’-কে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান করা হবে।