‘জুরাসিক ওয়ার্ল্ড ফোর ’-এ থাকছেন স্কারলেট

হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন থাকছেন ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ফ্র্যাঞ্চাইজির পরের সিনেমায়। সম্প্রতি খবরটি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।
তবে গারেথ এডওয়ার্ড পরিচালিত নতুন এ সিনেমার নাম এখনও ঠিক হয়নি। 

ভ্যারাইটিতে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি ১০ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার জন্য সব চেষ্টা করে গিয়েছি। এমনকি সেটা যদি প্রথম পাঁচ মিনিটের মাঝে মৃত্যু ঘটে যায় এমন চরিত্রও হয়, তবুও। আমি জুরাসিক ওয়ার্ল্ডের বড় ভক্ত।’

তিনি আরও বলেন, ‘এটি আমার হলে দেখা প্রথম দিকের ছবিগুলোর মধ্যে একটি। খুব ভালো ভাবেই মনে আছে। আমার জীবন বদলে দিয়েছিল, মন ভরিয়ে দিয়েছিল। আমি কতটা এক্সাইটেড তা ভাষায় প্রকাশ করতে পারবো না!’

সিনেমাটির স্ক্রিপ্ট লিখেছেন ডেভিড কোয়েপ। জোহানসন জানিয়েছেন ‘জুরাসিক ওয়ার্ল্ড’র চতুর্থ কিস্তির স্ক্রিপ্ট অসাধারণ হয়েছে। প্রথম তিন কিস্তির থেকে একেবারেই আলাদা হতে চলেছে এটি।

জানা গেছে ‘জুরাসিক ওয়ার্ড ফোর’-এর শুটিং হবে থাইল্যান্ডে। এছাড়াও মাল্টা এবং যুক্তরাজ্যের স্টুডিওতে কিছু দৃশ্য ধারণ করা হবে।