যশোরের অভয়নগরে বিষধর সাপের কামড়ে বিপ্লব দাস নামে এক যুবক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ভাটপাড়া বাজারের একটি দোকানে কাজ করার সময় তাকে সাপে কামড় দেয়। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ব্যবসায়ী অভি দাস জানান, বিপ্লব তার দোকানে কাজ করতেন। গতকাল রাত ১০টার দিকে ক্রেতার জন্য তাকের ওপর রাখা বস্তা থেকে চাল আনতে যান। চালের বস্তায় হাত দেওয়ার সাথে সাথে একটি সাপ তার বাম হাতের বুড়ো আঙ্গুলে কামড় দেয়। সেখান থেকে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে তিনি মারা যান।
অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম বলেন, সাপের কামড়ে বিপ্লব দাস নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।