ভাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা, থানায় মামলা

ফরিদপুরের ভাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয়েছে।  আজ শনিবার ভাঙ্গা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন নির্যাতনের শিকার নারীর মা। গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার হোগলাডাঙ্গী গ্রামে রেখা আক্তার নামে ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যা করে দুর্বৃত্তরা। 

রেখার মা মেরিনা আক্তার বলেন, আমার স্বামী অসুস্থ। আমি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই। শুক্রবার দুপুরে কাজ শেষ করে এসে দেখি মেয়ে আমার গোসল করতে যায়। আর আসে নাই। ভিজা কাপড় পুকুর ঘাটেই পড়ে ছিল। আমার মেয়েকে যারা খুন করেছে তাদের শাস্তি চাই।

ভাঙ্গা থানার ওসি মামুন আল রশিদ বলেন, আমি চার মাস আগে ভাঙ্গা থানায় যোগদান করেছি। শুনেছি মেয়েটি বছর খানেক আগেও ধর্ষণের শিকার হয়েছিল। বিষয়টি ওই সময় থানায় আসেনি। দুই পরিবার স্থানীয়ভাবে মীমাংসা করেছিলো। ওই ছেলেও আমাদের সন্দেহের বাইরে নয়।

ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, প্রাথমিক তদন্তে বোঝা যায় মেয়েটিকে ধর্ষণ করে সালোয়ার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। থানায় মামলা হয়েছে। পুলিশের একাধিক টিম তদন্ত করছে। সন্দেহভাজন কেউ যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য ডিবি পুলিশ তৎপর রয়েছে। আশা করি অল্প সময়ের মধ্যে প্রকৃত অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে পারবো।