কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিকসহ ২ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা।
শনিবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন গংগাহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গংগাহাট ক্যাম্পের হাবিলদার আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। অভিযানে বিদ্যাবাগিস সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৮-এর ৮ নম্বর সাব পিলারের পাশ থেকে বাবুল মিয়া নামের এক ভারতীয় নাগরিক ও বাংলাদেশি নাগরিক আনোয়ার হোসেনকে আটক করা হয়। শনিবার দুপুরে তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
আটক ভারতীয় নাগরিক হলেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার থরাইখানা এলাকার বাবুল মিয়া ও বাংলাদেশি আনোয়ার হোসেন হলেন ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস এলাকার বাসিন্দা।
ফুলবাড়ীর ওসি নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় নাগরিকসহ আটক ২ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে। তাদেরকে আগামীকাল আদালতে পাঠানো হবে।