সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো তিন জনের

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। শুক্র ও শনিবার এসব দুর্ঘটনা ঘটে।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার সিডস্টোর ঢালীবাড়ি মোড় এলাকায় গতকাল শনিবার সকালে বালুবাহী ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম স্বপন হোসেন (৫৫)। তিনি ঝালকাঠি জেলার রাজপুর থানার সাংঘর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বালুবাহী ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষে চালক নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাক ও বাস পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, উল্লাপাড়ায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোরসালিন ইসলাম (২০)। দুর্ঘটনায় তিন জন আহত হয়েছেন। শনিবার সকালে একটি ট্রাক ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার হরিণচরা নামক স্থানে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটি সড়কের নিচে পড়ে হেলপার মোরসালিন ইসলাম ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, নান্দাইলে বাইসাইকেল চালিয়ে যাওয়ার পথে আব্দুল কাদির ভূঁইয়া নামে এক ব্যক্তি দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের পাশে নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার আচারগাঁও ইউনিয়নের চাঁনপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল গফুর ভূঁইয়া।

নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহাংশু বিকাশ সরকার বলেন, মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মোটরসাইকেল নিয়ে চালক পালিয়ে গেছে।