আমদানি বিল পরিশোধের সময় বাড়লো

শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিকারকদের বিল পরিশোধের সময় বাড়ানো হয়েছে। আমদানি বিল পরিশোধের সময় ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিনে উন্নীত করা হয়েছে।

গতকাল রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অথরাইজড ডিলারদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। এতে বলা হয়েছে, বাণিজ্যিক লেনদেনের সুবিধার্থে নীতি সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির বিল পরিশোধের ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন সময় পাওয়া যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণের বিপরীতে আমদানিতে নতুন এ মেয়াদকাল প্রযোজ্য হবে না। আমদানি সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা জানান, মূলত দেশে ডলারসংকটের কারণে এই সময় বাড়ানো হয়েছে। এখন আমদানিকারকরা তার পণ্য মালিকের সঙ্গে চুক্তি করে বিল পরিশোধের সময় ৩৬০ দিন পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।