এবারের বিশ্বকাপটা আমার কাছে খুব ভালো লেগেছে। অনেকে বলছেন, উইকেট ভালো নয়। রান হচ্ছে না। তবে টি-টোয়েন্টি মানেই শুধু ব্যাটসম্যানদের খেলা হবে, এটা ভুল। লো স্কোরিং ম্যাচ হতে পারে, বোলাররাও দাপট দেখাতে পারে। আসলে বেশির ভাগ মানুষই শুধু চার-ছক্কা দেখতে চায়। তাদের জন্য কম বিনোদন হতে পারে। তবে আমার কাছে বেশ রোমাঞ্চকর লেগেছে। অনেক ক্লোজ ম্যাচ হয়েছে। গ্রুপ পর্ব থেকে পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দলের বাদ পড়া। যুক্তরাষ্ট্রের উত্থান। সেমিফাইনালে আফগানিস্তানের জায়গা করে নেওয়া সব কিছুতেই চমক ছিল।
বিশেষ করে আফগানিস্তানের কথা বলতে হয়। এত অল্প সময়ে ওরা অনেক উন্নতি করেছে, বিশেষ করে এই ফরম্যাটে। আর এই বিশ্বকাপটা ওদের নতুন করে একটা পথ তৈরি করে দেবে। রশিদ খান, ফজলহক ফারুকী, গুরবাজদের দেখে তরুণ ক্রিকেটাররা অনুপ্রাণিত হবে। আমার ধারণা, হচ্ছেও। ওদের নতুন অনেক ক্রিকেটার আসছে, যারা বেশ প্রতিভাবান।
এই বিশ্বকাপের কারণে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়বে। তারা এখন জানতে পারছে ক্রিকেট নামে একটা খেলা আছে, বিশ্বকাপ হয় আর এই খেলা নিয়ে মানুষের রোমাঞ্চ অনেক। যুক্তরাষ্ট্রেও হয়তো একটা ভালো ক্রিকেট কাঠামো গড়ে উঠবে। বিশ্বায়নের জন্য আইসিসির যে চেষ্টা, অন্তত যুক্তরাষ্ট্রে সফল হয়েছে।
সহযোগী দেশগুলো যে ক্রিকেটে উন্নতি করছে, সেটা এই টুর্নামেন্টে স্পষ্ট। বিশেষ করে নেদারল্যান্ডস, নেপাল, নামিবিয়ার মতো দলগুলো এই ফরম্যাটে ভালো খেলছে। ওরা যদি বড় দলগুলোর সঙ্গে বেশি বেশি খেলার সুযোগ পায় আরও উন্নতি করবে, কোনো সন্দেহ নেই। আর প্রথম বার ২০ দলের টুর্নামেন্ট হলো। বড় আয়োজন। এটাও আইসিসি আর আয়োজক দেশের জন্য একটা অভিজ্ঞতা। পরের টুর্নামেন্টগুলো হয়তো আরও সুসংগঠিত আর সুশৃঙ্খলভাবে হবে।
বাংলাদেশের জন্য এই বিশ্বকাপটা অম্লমধুর। ক্রিকেটারদের ব্যাটিং অ্যাপ্রোচ হতাশাজনক। সাহস নিয়ে খেলতে পারেনি। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি সবাইকে কষ্ট দিয়েছে। আসলে এখন আর সমালোচনা করার সময় নয়। বরং পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিসিবিকে একটা পরিকল্পনা করা উচিত। এই ফরম্যাট খেলতে পারবে, সেই মানের ক্রিকেটার খুঁজতে হবে। এ জন্য একেবারে জেলা পর্যায় থেকে টুর্নামেন্ট আয়োজন করা দরকার। এইচপি, এ দলের সিরিজ আয়োজন করতে হবে। শুধু অনুশীলন আর নিজেদের মধ্যে ম্যাচ খেললে হবে না, অন্য দেশের সঙ্গে খেললে অভিজ্ঞতা হবে।
বিশ্বকাপের ফাইনালটাও খুব রোমাঞ্চকর ছিল? আর যোগ্য দল চ্যাম্পিয়ন হয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে, একটা সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে।
অনুলিখন: আশরিক রুদ্র