টালিউড নির্মাতা অরিন্দম শীল অবসরে বিন্দাস মুডে থাকতেই পছন্দ করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অরিন্দমের এমনই একটি ভিডিও। যেখানে তার ‘বেলি ডান্স’-এ মজলেন নেটিজেনরাও। সুন্দরী এক নৃত্যশিল্পীর সঙ্গে রীতিমত পাল্লা দিয়ে কোমর দোলালেন ‘মিতিন মাসি’র এনির্মাতা।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ‘নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স’ এবার আয়োজন করা হয়েছে আমেরিকার শিকাগো শহরে। ইতোমধ্যেই এতে যোগ দিতে কলকাতা ছেড়েছেন টালিউড তারকা অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে অর্জুন চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলীর ছেলে উজান গঙ্গোপাধ্যায়, লহমা ভট্টাচার্যরা।
এদিকে নির্মাতা অরিন্দম শীলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, দুবাইতে এক নৃত্যশিল্পীর সঙ্গে তালে তাল মিলিয়ে বেলি ডান্স করছেন তিনি।
এসময় অরিন্দম সাদা শার্ট-নীল জিন্স ও পায়ে সাদা রঙের স্নিকার্স পরেছেন। এছাড়া নৃত্যশিল্পীর সঙ্গে মিলিয়ে গলায় একটি নীল-সবুজ ওড়নাও জড়িয়ে নিতে দেখা যায়। আর ব্র্যাকগ্রাউন্ডে বাজছে সেখানকার স্থানীয় গান।
প্রিয় নির্মাতার এমন রঙিন মেজাজ বেশ পছন্দই করেছেন নেটিজেনরা।
সদ্য ‘মিতিন মাসি’ সিনেমার নতুন পর্বের শ্যুট শেষ করেছেন অরিন্দম শীল। মিতিন মাসির চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে। সঙ্গে থাকবেন শুভ্রজিৎ দত্ত, অর্জুন চক্রবর্তীর মতো অভিনেতারা।