সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের টেকনাফ নাফ নদী সীমান্তে মিয়ানমারের ভূমিতে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ আয়াজ। মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তবে এর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশিকুর রহমান।

তিনি বলেন, বিকেলে টেকনাফ থেকে সীমান্তে মাইন বিস্ফোরণে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসেন অজ্ঞাত আরেক ব্যক্তি। কিন্তু ততক্ষণে ওই রোগী মারা গেছেন। তার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

অজ্ঞাত ওই ব্যক্তি হাসপাতাল সংশ্লিষ্টদের তথ্য দিয়েছিলেন, টেকনাফের নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর মাইন বিস্ফোরণে ওই যুবক আহত হয়েছিল। তবে তিনি কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন তা বলার আগে ওই ব্যক্তি পালিয়ে যান।

নিহত ব্যক্তি বাংলাদেশের কোনো রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত না কি মিয়ানমারে বসবাসকারী তা নিয়েও কোনো তথ্য নেই বলে জানান ডা. আশিকুর রহমান। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এ ব্যাপারে টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, এ ধরণের কোনো ঘটনা আমার নজরে আসেনি। আর সীমান্তের বিষয়গুলো বিজিবি দেখে।

সবশেষ গত ২২ জুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় আনোয়ার নামের মিয়ানমারের এক রোহিঙ্গার পা বিচ্ছিন্ন হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।