প্রধানমন্ত্রীর চীন সফরে নগদের মিশুক, স্বাক্ষরিত হবে চুক্তি

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে আগামী বছর। এই উপলক্ষ্যকে সামনে রেখে ৮ জুলাই চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এই সফরে বেশ কিছু উল্লেখযোগ্য চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে সংশ্লিষ্ট। চারদিনের এবারের সফর শেষ করে আগামী ১১ জুলাই দেশে ফিরবেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরে দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদের সঙ্গে চীনের একটি প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। এই চুক্তি সম্পাদনের জন্য নগদ ডিজিটাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন বলেও সূত্রে জানা গেছে।

এ বিষয়ে নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান জাহিদুল ইসলাম সজল বলেন, চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু বলার মতো অবস্থা আমাদের এখনো নেই। তবে এটুকু বলা যায় যে, বাংলাদেশের অর্থনৈতিক খাতের জন্য খুব উল্লেখযোগ্য একটি চুক্তি হবে এটি।

এবার প্রধানমন্ত্রীর চীন সফরের শেষ দিকে দুই দেশের পক্ষে যে যৌথ বিবৃতি দেওয়া হবে, সেখানে দুই দেশের কৌশলগত অংশিদারিত্বের বিষয়ে উল্লেখ করা হতে পারে। আর এ লক্ষ্যেই বিভিন্ন খাতে দুই দেশের সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান উল্লেখযোগ্য অংশীদারিত্বের কিছু চুক্তি সই করবে

কিছুদিন আগে দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে পূর্ণাঙ্গ লাইসেন্স পেয়েছে নগদ। এরই মধ্যে তারা কার্যক্রম শুরু করার দ্বারপ্রান্তে আছে। সেজন্য নগদ বিশ্বের নামকরা কিছু সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি করে কাজ করছে। তাদের সঙ্গে ওরাকল, সিলভারলেকের মতো বিখ্যাত প্রতিষ্ঠান হাত মিলিয়েছে।