দেশে ফিরতে ১০০ ঘণ্টা অপেক্ষা করতে হলো রোহিত-কোহলিদের

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম শিরোপা জেতে ভারত। তবে বিশ্বকাপ জয়ের পর ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজেই আটকা পড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। বৈরি আবহাওয়ার কারণে প্রায় ১০০ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে বৃহস্পতিবার (৪ জুলাই) বিশ্বকাপ ট্রফি নিয়ে ফিরলো রোহিত শর্মার দল।

গত ২৯ জুন ফাইনালে প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত। বিশ্বকাপের সূচি অনুযায়ী, সোমবার (১ জুলাই) ব্রিজটাউন ত্যাগ করার কথা ছিল ভারতের। ব্রিজটাউন থেকে নিউইয়র্ক, এরপর সেখান থেকে বাণিজ্যিক বিমানে ভারত দলের মুম্বাই ফেরার কথা ছিল। তবে ‘বেরিল’ নামের ঘূর্ণিঝড়ের কারণে সে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

চ্যাম্পিয়ন ক্রিকেটারদের দেশে ফেরাতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিশেষ বিমানের ব্যবস্থা করেন বিসিসিআই কর্তারা। নিউজার্সির নেয়ার্ক থেকে একটি বিমান চলে যায় বার্বাডোজে। এরপর ভারতীয় সময় বুধবার দুপুর ২টার সময় বার্বাডোজ থেকে যাত্রা শুরু করে ভারতীয় দলের বিশেষ বিমান। 

দীর্ঘ ১৬ ঘণ্টার যাত্রা শেষে অবশেষে বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরলেন রোহিত-কোহলিরা। সকাল ৬টা ৫ মিনিটে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছায় ক্রিকেটাররা। সেখানে ভক্ত, সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন ক্রিকেটাররা। তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে পতাকা, জার্সি  গায়ে উপস্থিত হন ভারতীয় সমর্থকরা।

বিশেষ নিরাপত্তায় ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লির আইটিসি হোটেলে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের সাক্ষাতের কথা রয়েছে। সাক্ষাৎ শেষে ভারত দল মুম্বাইর উদ্দেশ্যে রওয়ানা দিবে। সেখানে ছাদখোলা বাসে হবে তাদের ট্রফি প্যারেড।