কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে সেলেসাওরা। তবে সেই ম্যাচে ব্রাজিলকে একটি পেনাল্টি না দেওয়া ভুল স্বীকার করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
বুধবার (৩ জুলাই) ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়ামে ম্যাচের ৪২ মিনিটে ডি বক্সে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে ফেলে দেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। পেনাল্টির দাবি করে সেই মুহূর্তে ১–০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল।
কিন্তু ফাউলের বাঁশি বাজাননি ভেনেজুয়েলান রেফারি হেসুস ভালেনজুয়েলা। মুনোজ বল স্পর্শ করেছিলেন, এটা ভেবে ভিএআর রেফারি আর্জেন্টিনার মাউরো ভিজলিয়ানো মাঠের রেফারির সিদ্ধান্ত বহাল রাখেন।
রেফারির এই সিদ্ধান্ত ভুল ছিল জানিয়ে কনমেবলের ভিডিও বার্তায় বলা হয়, ‘পেনাল্টি বক্সে বল দখলের লড়াইয়ে ডিফেন্ডার বল স্পর্শ করেননি। এর ফলে সংঘর্ষ হয়েছে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রে এটা যৌক্তিক ছিল না। রেফারি এটি দেখতে ব্যর্থ হয়েছেন এবং খেলা চালিয়ে গেছেন। ভিএআরও এটা দেখতে ব্যর্থ হয়েছে যে ডিফেন্ডার বল স্পর্শ করেননি, তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এরপর ভিএআর মাঠের সিদ্ধান্ত বহাল রাখার ভুল রায় দিয়েছে।’