ধর্ষণ মামলা থেকে মুশতাক-ফাওজিয়াকে অব্যাহতি

রাজধানী মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের মামলায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ এবং ওই কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলী তাদের অব্যাহতি দেন। বিচারক বাদীর নারাজি খারিজ করে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন।

গত ২ জুন আদালতে মুশতাক আহমেদ ও অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর নামে প্রতিবেদন দাখিল করে পিবিআই। এরপর প্রতিবেদনের ওপর ফের নারাজি দেন মামলার বাদী ওই শিক্ষার্থীর বাবা মো. সাইফুল ইসলাম। গত ১৩ জুন নারাজির আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আদালত নথি পর্যালোচনায় আদেশের জন্য ৪ জুলাই দিন ধার্য করেন।

২০২৩ সালের ১ আগস্ট শিক্ষার্থীর বাবা আদালতে মামলাটি করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ওসিকে অভিযোগ এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন আদালত।