'ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত হবে লেবানন'

ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্র ইসরায়েলিদের জন্য জাহান্নামে পরিণত হবে বলে মন্তব্য করেছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন। 

বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর আলী বাকেরি কানি সাংবাদিকদের এ কথা বলেন। 

আলী বাকেরি কানি বলেন, যুদ্ধ শুরু হলে লেবানন নিশ্চিতভাবে ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত হবে, তারা সেখান থেকে বের হতে পারবে না।

সম্প্রতি ইসরায়েল সরকার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষ আখ্যা দিয়ে বলেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি খুবই শক্তিশালী ভূমিকা পালন করেছে, যা আন্তর্জাতিক ও কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছে।

গত ৭ অক্টোবর দখলদার ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের সেনাবাহিনী ও বিভিন্ন স্থাপনায় নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ বলছে, গাজায় আগ্রাসন বন্ধ করলেই কেবল ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ হবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে দুই শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার সংগঠনটির তৃতীয় উচ্চপদস্থ কর্মকর্তা ও কমান্ডার মুহাম্মদ নিমাহ নাসেরকে হত্যা করে ইসরায়েল। তারই জবাবে ওই রকেট হামলা চালায় হিজবুল্লাহ। বুধবার দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারের একটি গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালায় ইসরায়েলের সেনারা। এতে হিজবুল্লাহর ওই কমান্ডার নিহত হন।