শাস্তি পেলেও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন বেলিংহ্যাম

ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোর ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে গোল করেন জুড বেলিংহ্যাম। গোলের পর উদযাপনে মাতেন তরুণ এই ইংলিশ মিডফিল্ডার। সেই উদযাপনে অশালীন অঙ্গভঙ্গি করায় বেলিংহ্যামকে শাস্তি দিয়েছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। 

শুক্রবার (৫ জুলাই) এক বিবৃতিতে বেলিংহ্যামের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা। ইউরোপিয়ান টুর্নামেন্টে এক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে বেলিংহ্যামের। তার নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত থাকবে। অর্থাৎ আগামী এক বছরের মধ্যে এমন আপত্তিকর আচরণ আবার করলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন তিনি। তাই কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে বাধা নেই এই রিয়াল মাদ্রিদ তারকার। 

গত রোববার ইউরোর শেষ ষোলোতে স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের খেলায় দুর্দান্ত এক গোলে ইংলিশদের সমতায় ফেরান বেলিংহ্যাম। গোলের পর দৌড়ে গিয়ে দুই হাত প্রসারিত করে নিজের স্বাভাবিক উদযাপন করেন বেলিংহ্যাম। বাকি খেলোয়াড়রাও এসময় যোগ দেন তার সঙ্গে। 

তবে খেলোয়াড়রা আবার মাঠে ফেরার পথে নিজের ডান হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন বেলিংহ্যাম। ধারণা করা হচ্ছে, স্লোভাকিয়ার ডাগআউটের দিকে ইশারা করে এমন অঙ্গভঙ্গি করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।