জনগণের সেবা করাই জনপ্রতিনিধিদের ঈমানি দায়িত্ব: নিক্সন চৌধুরী 

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, জনগণের সেবা করাই জনপ্রতিনিধিদের ঈমানি দায়িত্ব। জনগণ ও এলাকার উন্নয়নের জন্য সকলকে একসঙ্গে মিলে মিশে কাজ করতে হবে। আমাদের প্রথম এবং শেষ কাজ হলো জনগণের সেবা করা।

রোববার (৮ জুলাই) দুপুরে সদরপুর উপজেলা পরিষদ হলরুমে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নিক্সন চৌধুরী বলেন, জনগণ আপনাদের বিশ্বাস করে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব ঈমানের সঙ্গে পালন করবেন। সদরপুরের মানুষ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবেন। তাই সকল ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ করতে হবে। বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন পূরণের জন্য কাজ করে যেতে পারলে আগামীতে সদরপুর হবে একটি মডেল উপজেলা।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্নু মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না পারভীন রেভা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিকসহ আরও অনেকে।